বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০১৫

নব বসন্তে


কৃষ্নচুড়া গাছ্টার নীচে ঠায় দাঁড়িয়ে থাকে ছেলেটা,
কতই বা বয়স বড়জোর ষোল;
শ্যামলা রঙ, উষ্কখুষ্কো চুল নেমে এসেছে ঘাড়ে,
মুখ্টা কেমন যেন মায়া জাগায়।
পরনে হলুদ জিন্স আর নীল টিশার্ট,
একেবারে হালফ্যাশনের।


নিঝুম বসন্ত দুপুর, শব্দ বলতে শুধু কোকিলের কুহুতান,
এরই মাঝে বাঁধভাঙা ঝরনার মত এগিয়ে আসে একদল কিশোরী মেয়ে,
তাদের মিলিত কলতানে জলতরঙ্গ, হাসিতে বসন্ত বাহার।

ঠিক মাঝখানে লাজুক ছন্দে হেঁটে চলেছে যে মেয়েটি,
টিকোলো নাকের ওপর অল্প অল্প স্বেদবিন্দু, কপালে ঝুরো চুল, মুখখানি যেন সদ্য ফোটা গোলাপ।
তার আসমানি ওড়না হালকা বাতাসে দোলে, ঢেউ তোলে আর কারো মনে।

চলে যেতে যেতে সে আড়চোখে ফিরে চায়,
আটকে যায় দৃষ্টি একজোড়া মুগ্ধচোখের চাহনিতে।
এই কয়েক মুহূর্ত্তের পাওয়া ছেলেটিকে রোজ টেনে আনে গাছ্টার নীচে।


আজ হোলি, ফাগের রঙে কৃষ্নচূড়া মাখামাখি,
ছেলেটি আজও দাঁড়িয়ে ঠিক তেমনি ভাবেই,
আজ দেখা নেই মেয়ে দলের, হয়ত মেতেছে হোরিখেলায় ঘরের প্রাঙ্গনে।
ছেলেটি চেয়ে আছে উত্সুক অপেক্ষায়, সময় থেমে গেছে তার এই নীরব পথচাওয়ায়।

ভীরু পায়ে সামনের ফ্ল্যাটবাড়ির গেট পেরিয়ে মেয়েটি সামনে এসে দাঁড়ায়,
বাসন্তী শাড়ী, খোঁপায় পলাশ, হাতে আবিরের থালি।
ছেলেটি মিষ্টি হেসে রাঙিয়ে দেয় তার গাল লাল ফাগে।

অনেক না বলা কথা বলা হয়ে যায় এক পলকে,
সময় থমকে যায় চিরতরে,
রাঙা মেয়ের লজ্জা রাঙা চাহনিতে।


এ কাহিনি চিরযুগের, চিরকালের,
ওরা ছিল যমুনার তীরে, ওরা আছে নতুনের ভীড়ে, রয়ে যাবে আগামীর সুরে।
নতুন বসন্ত আসবে বারবার, সাথে আনবে বার্তা বিশ্বাসের, ভালবাসার।

***


বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৫

বেনে বউ




ছোটো খাটো মিষ্টি চেহারা, কাঁচা হলুদ বরনী, ডানায় কাজল কারুকাজ;
পোষাকী নাম ব্ল্যাক হুডেড ওরিওলে -
তবে ডাক নামেই তাকে মানায় বেশী, 'বেনে বউ'।

গাছের ডালে ডালে তার ঘোরাফেরা, যেন কল্কা পেড়ে হলুদ শাড়ীতে বেনে বাড়ির লক্ষীমন্ত বউ,
মিষ্টি কুহুতানে বাজে কিশোরী নববধূর নুপুরের নিক্কন।
স্বামী তার গেছে দূর দেশে বানিজ্যে,
একেলা কিশোরী ঘুরে ফেরে এ ডালে, ও ডালে অলস দুপুরে।

বেশ কিছুদিন হোলো দেখিনি তাকে দখিনের বারান্দায় ঝুঁকে থাকা গাছ্টাতে,
হয়তো কাজ শেষে ফিরেছে স্বামী তার,
সংসারে এসেছে নতুন কচিমুখ;
ভরা সংসারের রাজপাটে আজ ব্যাস্ত গৃহিনী সে, নেই সময় আর।

আমি বসে থাকি বারান্দায় উদাসী দুপুরে,
খুঁজি সেই একেলা কিশোরীকে -
যার লজ্জা ঘন চলার ছন্দ আজো ছুঁয়ে আছে আমায়।
***

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০১৫

সহচরী

ধারালো ঠোঁট, আর সেই ঠোঁটে কথার ধার আরও বেশি,
সুন্দরী সে নয়, রঙ বেশ কালোই, মুখশ্রীতেও ছাঁদের অভাব;
পূবের বারান্দায় তার সাথে আমার প্রথম আলাপ,
আলাপের শুরুটাও ছেঁড়া তারের ঝঙ্কার, বেসুরো, বেতালা ।

তারপর সময়ের সাথে ঝঙ্কারে জেগেছে কোমল গান্ধার,
নরম রোদে তার মায়াময় চোখ ছুঁয়েছে আমাকে,
আমার সকাল কখন যেন আটকে গেছে ওই বারান্দায় ।

আজ আমি আছি কতদূরে –
এখানেও পূবের বারান্দায় মিঠে রোদের আনাগোনা,
ঘিরে থাকা কৃষ্ণচূড়ার ডালে ডালে হরেক পাখীর কলতান;
তবু সেই বারান্দা, সেই একটুকরো রোদ আর সেই মৃদু আলাপন,
আনমনা করে অলস মুহূর্তে,
মনে পরে তাকে, যে আমার নামহীনা বায়স সহচরী ।

(আমার মুম্বাইয়ের বাড়ির বারান্দায় একটি কাক এসে বসতো, আমি সে বাড়িতে থাকতে যাবার আগে বারান্দাটি ছিল তারই সাম্রাজ্য। ফলে স্বভাবতঃই প্রথমদিকে আমার প্রতি তার প্রবল বিরাগ ও ক্রমশ সেখান থেকেএক অদ্ভুত বন্ধুত্বের সূচনা হয়। এই কবিতাটি আমার সেই নামহীনা সহচরীর উদ্দেশ্যে লেখা)।

***

বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪

বাহারে সমুদ্র বিহার

মেয়ের বিদেশী স্কুলে ক্রিস্টমাসের লম্বা ছুটি, বিদেশী বন্ধুরাও সব স্বদেশমুখী; অতএব ঢাকায় তার মন চঞ্চল। বললাম ‘আমরাও তো কোলকাতা যাবো, ছুটি বেশ কাটবে’, মেয়ে তার ওঁচানো নাক আরও উঁচিয়ে বলল ‘সেটা আবার বেড়ানো হোল? বন্ধুরা সব গেছে কোরিয়া, আফ্রিকা, আমেরিকা - আর আমি আধ ঘণ্টার রাস্তা কোলকাতা?’ কি বিপদ, তা বাঙালি হয়ে যখন জন্মেছ, হোম ভিসিট তো গুয়াটেমালা কিম্বা হনলুলুতে হবে না; তা সে কথা কে বোঝে! শেষমেশ বাবারূপী স্যান্টা উদ্ধারে নামলেন, ব্যাবস্থা হোল স্টার ক্রুসে সমুদ্রবিহারের সিঙ্গাপুর থেকে।

যাবার দিন, মাত্র ছঘন্টা লেট বিমান-বাংলাদেশে ‘চাঁদের হাসি বাঁধ ভেঙেছে’ আবহ সঙ্গীত এবং বিকেল সাড়ে চারটেয় মাংস-ভাত ও পায়েসের মেনু দেখে যুগপৎ পুলকিত ও শিহরিত হলাম (অবশ্য ফেরার সময় সন্ধ্যে ছটাতেও মৌলিকত্ব বজায় রেখে বিরিয়ানি দেওয়া হয়েছিল এবং লোকে ভারি তৃপ্তি সহকারে তা খেয়েছিল)।
পরদিন সকালে হারবারফ্রন্ট জাহাজঘাটায় পৌঁছে মনে হোল যেকোনো আন্তর্জাতিক এয়ারপোর্ট টার্মিনালকে লজ্জা দেবে। আমরা একটু আগেভাগেই পৌঁছেছিলাম, যাতে হুড়োহুড়ি না করতে হয়; পৌঁছে দেখলাম জনসমুদ্রের ঢল, কারন প্রায় ষাট শতাংশ যাত্রীই আমার মত ব্যাস্তবাগিশ ভারতীয়। যাত্রীরা ভারতীয় হলেও, কর্মকর্তারা কর্মঠ সিঙ্গাপুরি, তাই নিয়মের বেড়াজাল ডিঙিয়ে জাহাজে চড়তে বিশেষ বেগ পেতে হোল না । এতদিন ওসান লাইনার বইয়ে পড়েছি, আর টাইটানিক সিনেমাতে দেখেছি, এক আধবার সমুদ্র বক্ষে দূর থেকেও দেখেছি; এবার ভেতরে গিয়ে সত্যি চমক লাগার পালা, এতই সুন্দর আর বিলাসবহূল ব্যাবস্থা। প্রাইভেট ডেক অর্থাৎ ব্যালকনি সহ আমাদের কেবিনটা যেন সাজানো একটা পুতুল ঘর, আর তার সাথের স্নানঘর আরও মজার, ছোট্ট একটু জায়গার মধ্যে সবরকম সুবিধে কেমন কায়দা করে আঁটান হয়েছে না দেখলে বিশ্বাস করা শক্ত।

অর্ণব পোত
এতো নয় খেলাঘর

বারোতলা জাহাজের বিভিন্ন তলায় চেয়ার পাতা মনরম ডেক, অসংখ্য সুইমিং পুল, রেস্তরাঁ, ক্যাসিনো এবং চমকপ্রদ সব বিনোদনের বন্দোবস্ত। যাইহোক, জাহাজ পরিদর্শন শেষে ভরপেট চৈনিক আহার সেরে এগার তলার ডেক এ চেয়ারে লম্বা হলাম; ফুরফুরে হাওয়া, সামনে আ-দিগন্ত সমুদ্র, আর একটু দূরে ছোটো পুলে কয়েকটা চীনে বাচ্চার হুটোপুটি - দেখতে দেখতে কখন চোখ লেগে এসেছে বুঝতেই পারিনি। হঠাৎ একটা বাঁশফাটা চিৎকারে কলজে লাফিয়ে উঠল, আর তার সাথেই শুনতে পেলাম ঢাকের গুরু গর্জন। ব্যাপারটা ভালো করে ঠাহর করতে এদিক ওদিক তাকাচ্ছি, তখনি চোখে পরল পুলের সামনে একটা ছোটো খাটো জটলা; আর সেই জটলার মধ্যমণি এক চীনে মহিলা এবং তাঁর এক দেশোয়ালি ষণ্ডা জোয়ান। নিঃসন্দেহে, শব্দ তরঙ্গের যুগলবন্দী এঁদেরই অবদান; তবে ব্যাপারটা বেশীক্ষন শুধু শব্দযুদ্ধেই থেমে রইলো না, অচিরেই পুরুষটি গলাবাজিতে পিছু হটে ঘুসি পাকাতে শুরু করল, লক্ষ অবশ্যই চিনে বিরাঙ্গনা। মহিলা তাতে দমবার নন, তাঁর কর্ণভেদী তারানা আমাদের সাথে সাথে প্রতিপক্ষ পুরুষটিকেও পর্যুদস্ত করে দিচ্ছিল। বুঝলাম জেন্ডার ইকুয়ালিটিতে চীনেরা আমাদের থেকে ঢের এগিয়ে। এবারে কৌতূহল দমন করতে না পেরে একটু খোঁজ করে মালুম হোল এঁরা পুলের খেলুড়ে দুটো বাচ্চার যথাক্রমে মা ও বাবা। বাচ্চা দুটি খেলতে গিয়ে নিজেদের মধ্যে কিছু নিয়ে ঝগড়া শুরু করে এবং মৌখিক ঝগড়ায় সুবিধে করতে না পেরে মহিলার ছেলে তার ফ্লোটারটা অন্যজনের মাথায় ভাঙে, তারই ফলে এই কুরুক্ষেত্র । যাহোক, খানিক বাদে জাহাজকর্মীদের হস্তক্ষেপে মিটমাট হোল, মহিলা অপরপক্ষের শাসানি উপেক্ষা করে ভাঙা ফ্লোটার হাতে দুর্ধর্ষ ছেলেকে নিয়ে ডেক দাপিয়ে চলে গেলেন, পিছু পিছু যাওয়া নিরীহ জীবটিকে দেখে বুঝলাম মহিলার স্বামী যাকে এতক্ষন চোখে পরেনি। বাঙালি স্বামীদেরই শুধু স্ত্রৈণ অপবাদ দেওয়া নিতান্ত অন্যায় সন্দেহ রইলো না।  

ডেক থেকে তোলা

জলকেলি

জাহাজের ডেক
রেস্তোরাঁ
ভারতীয় যাত্রিরা প্রধানত দুধরনের, একাংশ অবশ্যই মধুচন্দ্রিমা যাপনে ক্রুজে, তাদের মধ্যে উত্তর পশ্চিম ভারতের আধিক্য; আর একটা বড় অংশ গুজরাতি, যারা বাবা-মা, ছেলে-বউ, নাতিনাতনি সহ পরিবারকেন্দ্রিক ভ্রমনে এসেছেন। এক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে লক্ষ করার মত, তা হোল বয়স, চেহারা ও আয়তন নির্বিশেষে খাটো পশ্চিমি পোশাকের চূড়ান্ত সমারোহ। এব্যাপারে, তন্বী নববধূ এবং মেদবতী আন্টি সব একাকার এবং বেশিরভাগ ক্ষেত্রেই একের সাথে অন্যের পোশাকের ভীষণ মিল, যা দেখে অনেকবার একথাও মনে হচ্ছিলো যে পোশাকগুলো সম্ভবতঃ একই দোকানের। তা ডেক এ বসে মহিলাদের খাটো পোশাকের র‍্যাম্প ওয়াক দেখতে মন্দ লাগছিল না, যদিও তার মাঝে দু একটা ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে। সে প্রসঙ্গে যাবার আগে একটা কথা বলে রাখি, ভারতীয় যাত্রীরা ডেক এ বসে সময় নষ্ট না করে সকাল থেকে রাত সুইমিং পুল, জাকুসি এবং ফ্রী রেস্তোরাঁতেই ভীড় করতেন। এবার আসা যাক দুর্ঘটনার কথায়। মাঝ সমুদ্রে প্রাক-সন্ধ্যায়, বারোতলার ডেক এ দুরন্ত হাওয়া, আমি যথারীতি ডেক চেয়ারে আধশোয়া; একটু দূরে রেলিং ঘেঁসে দাঁড়িয়ে নানান ভঙ্গিমায় ছবি তুলছে এক নবদম্পতি। আমার মত, কিছু দূরে খোলা রেস্তরাঁয় বসা এক মধ্যবয়সী দম্পতিও ওদের লক্ষ করছিলেন; কিছু পরে দেখি ভাবিজি উঠে গিয়ে দাড়ালেন রেলিং ধরে, ক্যামেরা তাক হতেই এক অভাবনীয় মুহূর্ত – ভাবীর ফ্রক উড়ে একেবারে মরিলিন মুনরো, তফাতটা শুধু আয়তনে। জাহাজের প্রতিটি ডেক এর চার কোনায় একটা করে জাকুসি সকাল থেকে রাত চালু থাকতো এবং যথারীতি এর প্রত্যেকটিই বেশিরভাগ সময় থাকতো ভারতীয়দের কবলে। দুপুর নাগাদ সেরকম একটি জাকুসি থেকে এক প্রায় বৃদ্ধা দশাসই আন্টি বেরিয়ে এলেন, উদ্দেশ্য ডেক এর অন্য প্রান্তে চেঞ্জিং রুমে যাওয়া। সুইমিং কস্টিউমে অনভ্যস্ত আন্টি দুটি তোয়ালে দিয়ে সর্বাঙ্গ ঢেকে চলেছেন ব্যাস্ত পায়ে, মাঝ বরাবর পৌঁছে হঠাৎ নিম্নাঙ্গের তোয়ালেটি গেলো খুলে; এর পরের দৃশ্য বর্ণনা করার দুঃসাহস আমার নেই।    

এবার আসি জাহাজের বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠানের কথায় (আমার অবশ্য ডেক এ বসেও বিনোদনের অভাব হয় নি)। আন্তর্জাতিক জাহাজের বিনোদনও সম্পূর্ণ আন্তর্জাতিক ও পক্ষপাত বর্জিত, সেখানে কোরিয়ান কমেডি, ব্রাজিলিয়ান নাচ থেকে বলিউড নাইট কিছুই বাদ যায় নি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল জাহাজের ক্রু মেম্বারদের একটি অনুষ্ঠান, সেখানে হিন্দি গান, ব্যালে নাচ, হিপ হপ এমনকি জাগলারি শো দেখে এরা যে পেশাদার নয় ভাবতে অসুবিধা হচ্ছিলো। চারটি চিনে মেয়ে ভারি সুন্দর একটি চিনে গান গাইতে গাইতে স্টেজে এলো, সুরটা কেমন চেনা চেনা; আমার মেয়ে খুব কোরিয়ান গান শোনে তাই ওকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওটা অতিপরিচিত হিন্দি গান ‘ছাঁইয়া ছাঁইয়া’, চিনে উচ্চারণের গুণে যা অমন আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। অনুষ্ঠানের শেষ আইটেম ছিল তিন ‘ডিভা’ র ইঙ্গিতপূর্ন ফ্যাশন ওয়াক, আমাদের আইটেম গার্লরা যার কাছে নেহাতই জোলো। পরদিন সকালে ব্রেকফাস্টে রেস্তোরাঁর একটি ওয়েট্রসের কাছে অনুষ্ঠানের প্রশংসা করায় সে একটি ওয়েটার ছেলেকে এনে হাজির করল, ‘তুমি কিসে ছিলে?’ জিজ্ঞাসা করায় ছেলেটি লাজুক হেসে জানালো সে ওই তিন সুন্দরীর একজন। বলাই বাহুল্য এরপর আমি বাকশক্তি রোহিত।  

বলিউডেও আছি
চীনে 'ছাঁইয়া ছাঁইয়া'

সফর শেষে জাহাজ থেকে নামার সময় মনে হোল একটা মনকেমন করা অনুভুতি এই বিশাল ক্রুজের কোন ও এক কোনায় ফেলে এলাম, আর তার বদলে সঙ্গে নিয়ে এলাম একরাশ বিস্ময়, ভাললাগা আর কিছু অবিস্মরণীয় অভিজ্ঞতা।


***

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

হাসতে নেই মানা......


হাসতে নেই মানা......                   

মে মাসের প্রথম সপ্তাহ, পচা গরমে শরীর হাঁসফাঁস । অভিজাত স্কুলের গাছপালা ঘেরা খোলামেলা বিল্ডিং তাই রক্ষে; তবে গরমের ছুটির আর মোটে দিন দুয়েক অপেক্ষা তার পর আর পায় কে! টেনের ক্লাসরুমে বসে একমনে পেন্সিল চিবুতে চিবুতে সে কথাই ভাবছিলাম । সদ্য শেষ হওয়া হাফ ইয়ারলি পরীক্ষার খাতা টাতা বেরচ্ছে তাই বেশ একটা চাপা উত্তেজনা, আমি অবশ্য ‘রাগ দুঃখ ভয় তিন থাকতে নয়’ গোছের দর্শনে বিশ্বাসী তাই আপাততঃ মা টিফিনে কি দিয়েছে সেই নিয়ে গবেশনায় ব্যাস্ত । ইতিহাসের দিদিমণি মিসেস রয় ক্লাসে ঢুকলেন, হাতে যথারীতি উত্তরপত্রের গোছা । ‘এগুলো তোমাদের নয়, তোমরা কাল পাবে’ ব্যক্তিত্বময়ী সদাপ্রসন্না দিদিমনি আজ মনে হোল তেমন প্রসন্ন নন । নিজের জায়গায় বসে গম্ভীর মুখে জানতে চাইলেন ‘X-A র মিতালী বসু কে চেন তোমরা?’ চুপচাপ নিরীহ মিতালী হঠাৎ এত বিখ্যাত কি করে হোল ভাবার চেষ্টা করছি, দিদি নিজেই ব্যাপারটা খোলসা করলেন । ‘একটু আগে মিতালীর খাতা চেক্ করছিলাম, তাই ওর সম্বন্ধে আগ্রহ বোধ করছি’ । আমি তো শুনে থ! মিতালী তো জানতাম পড়াশোনায় আমার থেকেও সরেশ, এর আগে আমরা এক সেকশানে পড়েছি; কলিকালে কত কি যে দেখব! ‘তোমাদের এখন মিতালীর খাতা থেকে সম্রাট কনিষ্কের ওপর যে প্রশ্ন ছিল তার উত্তর পড়ে শোনাচ্ছি, মন দিয়ে শুনে বলবে কি বুঝলে’ । উত্তেজনায় এবং খনিক ঈর্ষায় আমার পেটের ভেতর গুড়গুড়, যাই হোক দিদিমণি তাঁর উদ্দাত্ত গলায় শুরু করলেন ।
‘কনিষ্ক অনেক দিক থেকেই আর সব সময়কালীন রাজার থেকে আলাদা ছিলেন এবং তার প্রথম কারণ হল তিনি মুণ্ডহীন ছিলেন । মুণ্ডহীন হওয়া সত্তেও বুদ্ধিতে ও পরাক্রমে অন্য মুন্ডওয়ালা রাজাদের থেকে কোনও অংশে কম ছিলেন না । যুদ্ধক্ষেত্রে যখন শত্রু তাঁকে চারদিক থেকে ঘিরে ফেলত, বিনা মুণ্ডেও তিনি অর্জুনের মতই লক্ষভেদ করতে পারতেন । শুধু তাই নয় মুণ্ডহীনতা সত্তেও তিনি সঙ্গীত ও সাহিত্যের অনুরাগী ছিলেন । শুধু একটা বিষয়েই তাঁর বিশেষ অসুবিধে ছিল, মুণ্ড না থাকায় সম্রাটের মুকুট মাথায় পরার সুবিধে ছিল না, তবে মনে হয় সেটা তিনি কোমরবন্ধে ঝুলিয়ে কাজ চালিয়ে নিতেন’  -
বাকিটা শোনার মত অবস্থা তখন ক্লাসের কোনও মেয়েরই আর নেই, উদ্বেলিত হাসি চাপার অসীম চেষ্টায় সকলের মুখ লাল । আমি মনে মনে ক্ষনজন্মা মিতালী কে স্যালুট না জানিয়ে পারলাম না । শুধু দিদিমনির মুখে থমথমে গাম্ভীর্য, ‘এটা কি আমাকে অপমানের চেষ্টা?’ উনি দেখলাম ব্যাপারটা ব্যাক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন । নিরীহ, ল্যাকপ্যাকে মিতালীকে আর যাই হোক ঠিক অপমানকারিনী হিসেবে ভাবতে পারলাম না ।
***
প্রসঙ্গতঃ বলে রাখি, সম্রাট কনিষ্কের একটি মাত্র প্রতিকৃতি মাটি খুঁড়ে পাওয়া গেছে, সেটি কালের প্রবাহে ক্ষতিগ্রস্ত হয়ে মুণ্ডহীন ছিল । ফলে ইতিহাসের বইয়ে তাঁর যে ছবি পাওয়া যায়, সেটি সেই মুণ্ডহীন ধরের প্রতিকৃতি । 

Publishied in Prothom Alo on 11th December, 2015

মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০১৪

অপরূপা

সেদিন পড়ন্ত বিকেলের কনে দেখা আলোয়
প্রথম তেমন করে দেখেছিলাম তোমায়,
ধীর পায়ে ঘরমুখো একাকিনী;
ললিত ছন্দে সুরেলা কোন ও সন্ধ্যা রাগিনী ।

ইশৎ হেলে থাকা এলোখোঁপা, সরু মফচেন, হাল্কা রঙের শাড়ী;
দিঘীর স্নিগ্ধতা মাখা চোখ, ফর্সা গাল ছুঁয়ে আছে ঝুরো চুল দলছুট, আনাড়ী ।

গোধূলী বেলার নিবিড় অস্তরাগে,
আমার হৃদয়ে বেহাগের সুর বেজেছিল নীরবে ।

আজ ও বসন্ত আসে,
কৃষ্নচূড়ার রাঙা ফাগ ওড়ে দখিনা বাতাসে;

আজ ও বাঁধভাঙা মন চকিত পলকে উৎসুকে চায় পথের বাঁকে,
গোধূলী আলোর লালিমায় খোঁজে সে এক অপরূপাকে।

বুধবার, ১ অক্টোবর, ২০১৪

কাকচক্ষু

তেজী ঘোড়ার মত মেয়েটি সব কিছুতেই ফার্স্ট;
রেসের পাল্লায় অথবা ক্লাসের পরীক্ষায় –
তার নাগাল পাওয়া শক্ত, হেলায় জেতা যেন এক মুদ্রাদোষ মাত্র ।
যেমন বিতর্কের ধার, তেমনই গানের সুরে মীর ঠাঁট,
বড় অনায়াস, সহজে লালিত।
শিক্ষিকাদের স্নেহে, সহপাঠিনীদের অবাক বিস্ময়ে,
বাবা মা দাদু দিদার নিরব অহঙ্কারে; সে যেন হেমন্তের আকাশপ্রদীপ ।
স্কুলের গণ্ডি, প্রাক্ কলেজের ঘেরাটোপ, ডার্বির কায়দায় রঙিন নিশান উড়িয়ে
সবখানে তারই জয়জয়কার ।

তখন বসন্ত দিন, বাতাসে ভালো লাগার সুর;
কলেজ পড়ুয়া মেয়েটির চলার ছন্দে রূপক, চাহনিতে মায়াবি জোছনা ।
একদিন হঠাৎ খবর এলো তার নেই কোনও খবর, সকালে কলেজ গিয়ে ফেরেনি আর;
চিন্তায় একশেষ বাবা মা, জল্পনার চুড়ান্তে প্রতিবেশী ।
দুদিন পরে ফোন, ‘মা ভালো আছি, বিয়ে করেছি; জামাই তোমার বিদ্বান নয় সামান্য চাকুরে। তবু ভাল আছি, যদি অনুমতি দাও যুগলে বাড়ী আসি’ ।
‘পড়াশোনা ছেড়ে পুতুলখেলার সাধ, এই যদি মনে ছিল; ধরে নেব মেয়ে নেই আমার’ -
মা নয় জবাব দিলেন বাবা ।
স্কুলের বান্ধবী এক নির্জন দুপুরে দেখতে গেলো তাকে,
দেয়ালে নোনা ধরা জলছবি, কপালে ঘামে লেপা সিঁদুর –
‘পড়াশোনা? আর গান?’...... ‘কি হবে ওসবে, বেশ আছি’ ।
‘বেশ থাকা যাবে কি চিরকাল?’ বান্ধবী বিদায় নেয়, চোখে তার জল ।

এরপর কেটে গেছে প্রায় দু-যুগ......
কোনও এক শনিবারের সন্ধ্যে, শপিং মলের অলিতে গলিতে অলস বিচরণ ।
সপ্তাহ ভর অফিস, বাড়িতে বৃদ্ধ বাবা, সন্তান; তুলনায় সপ্তাহান্ত বড় ফাঁকা;
আর সে ফাঁক ভরাতে এই অভ্যাসের কেনাকাটা ।
‘হিমানী... হিমানী তো?’ গোলগাল এক আটপৌরে গিন্নি এগিয়ে এলেন,
চোখের চাহনিতে একরাশ সঙ্কোচ ।
সাদামাটা ধনেখালি, অজত্নে বাঁধা এলোখোঁপা, সাজ বলতে একটা সিঁদুরের টিপ;
আধুনিকা ঝলমলে হিমানী মেলাতে পারে না পরিচিত গণ্ডীর সাথে ।
‘আপনাকে তো ঠিক...’ কয়েক মিনিটের সংশয়, তারপর দীর্ঘ ফ্লাশব্যাক,
কুড়ি বছরের সফর মুহূর্তেই পার ।
‘তুই!’...... ‘চিনতে পেরেছিস?’ একগাল হাসিতে ঝলসে ওঠে সেই কবেকার দুরন্ত মেয়ে ।
এরপর ফুডকোর্ট, একে অন্যের জীবনের হিসেব দেয়ানেয়া;
ছেলে মেয়ে স্বামীর ভরা সংসারে হারিয়ে গেছে কবেই সেদিনের ডার্বি জেতা ঘোড়া ।
‘ভারি ছিমছাম লাগছে তোকে, সময় বাড়িয়েছে জৌলুস’ মুগ্ধতা ঝরে পরে মেয়েটির কথায়;
বান্ধবীর সাফল্যে তার অবাক বিস্ময় ।
‘এসবই তোর হোত, হয়তো বা আরও বেশী, কেন সরে গেলি?’ হিমানীর স্বরে আর্তি;
‘ক্ষতি কি, বেশ আছি’ মৃদু জবাব, সাথে আধো হাসি ঠিক আগের মতই ।

‘এবার উঠতে হবে রে, কিছু কাজ আছে’ উকিলের সাথে আপয়েন্টমেন্টের কথা ভেবে মসৃণ কপালে বিরক্তির ভাঁজ;
মিউচুয়াল ডিভোর্স, যার আর এক নাম দরকষাকষি, ছুটির দিনে হিমানীর একমাত্র ব্যস্ততা ।
মাথায় পাতলা হয়ে আসা কাঁচাপাকা চুল, নেহাতই ছাপোষা লোকটি হাসিমুখে এসে দাঁড়ায়;
‘আমার স্কুলের বান্ধবী’ - পরিচয় শেষে সলজ্জ সম্ভাষণ ।
তারাভরা আকাশের ঝিকমিকে আলোয় দূরে চলে যাওয়া মেয়েটির দিকে চেয়ে ভাবে, ‘বেশ আছে’; আজ হিমানীর চোখের কোলেও তারার ঝিকমিক।

***